বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ৯৯টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বাঁশখালী থানার অপারেশন কর্মকর্তা মো. আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুদুকখালী আনোয়ারুল বড় মাদ্রাসার পূর্ব পাশে পুকুরসংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালান। 

এ সময় ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুদুকখালী সিকদারপাড়া এলাকার মো. খলিমুল্লাহ ও কাওছারা বেগমের ছেলে।

অন্যদিকে, রবিবার রাতে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইলশা এলাকায় মোশারফ আলী বাজার থেকে গুনাগরী বাজারগামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমানকে (৩২) তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নুর আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর দাবি করেন, পলাতক মারুফ হোসেন (২৬) তাঁকে বিক্রির জন্য ইয়াবাগুলো দিয়েছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ইয়াবাসহ আটক দুই ব্যক্তি এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, বাঁশখালীর বিভিন্ন এলাকায় ছোট ছোট চালানে ইয়াবা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।