ত্রিশালে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৪

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর মণ্ডলবাড়ি মোড়ে বাসের ধাক্কায় মালেকা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে ভ্রমণ বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪১৪) ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বৈলর মণ্ডলবাড়ি মোড়ে ত্রিশালমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মালেকা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, নিহত মালেকা খাতুন উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসটি থানা হেফাজতে রয়েছে।