রাজধানীর গুলশানে অবস্থিত দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
মরহুম মোহাম্মদ আবুল হোসেন দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ জোহর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, ক্লাবের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আবুল হোসেন একজন সফল সংগঠক ও ব্যবসায়ী ছিলেন। সদালাপী, বিনয়ী ও ক্লাবের প্রতি নিবেদিতপ্রাণ এই ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবের কার্যনির্বাহী কমিটি। কমিটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দেওয়ার প্রার্থনা করা হয়েছে।