অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল না হলে বিদেশী বিনিয়োগ আসবেনা। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবেনা। প্রবলেম সৃষ্টিকারী কারা আপনারা তাদের চিনেন, আমাদেরকে তথ্য দিন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড় করাতে সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে।
আইজিপি আরও বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ-জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।