রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন রাকিব হোসাইন

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন।

সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

কাজী রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে গঠিত ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের ১৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।