অষ্টমীতে পরিবারের সঙ্গে অঞ্জলি দিলেন কোয়েল

কলকাতার ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির দুর্গাপূজায় পরিবারের সঙ্গে অষ্টমীর সকালে অঞ্জলি দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রতি বছরের মতো এবারও পূজার নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি। অঞ্জলি দেওয়ার পাশাপাশি শঙ্খ বাজাতেও দেখা যায় তাকে।

অষ্টমীতে কোয়েলের পরনে ছিল লাল শাড়ি ও হলুদ সুতার কাজ করা ব্লাউজ। কপালে লাল টিপ, চুলে খোঁপা আর হালকা গয়নায় সাবেকি সাজে নজর কাড়েন অভিনেত্রী। তার দুই সন্তান কবীর ও কাব্যের পোশাকেও ছিল রঙের মিল। কবীর পরেছিল হলুদ পাঞ্জাবি, আর কাব্যের পরনে ছিল লাল টপ ও হলুদ স্কার্ট। কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল রানেও পরেছিলেন হলুদ পাঞ্জাবি।

পরিবারের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ধুতি। কুমারীপূজা, আরতি ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর ছিল মল্লিকবাড়ি। সব মিলিয়ে পারিবারিক ঐতিহ্য ও উৎসবের আমেজে কেটেছে তাদের অষ্টমী সকাল।