ছোটপর্দার নতুন মুখ হিসেবে দ্রুতই আলোচনায় এসেছেন মাফতুহা জান্নাত জিম। ময়মনসিংহের এই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অনার্সের শিক্ষার্থী। সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন নাটকে অভিনয় করে নজর কাড়ছেন তিনি।
সম্প্রতি তার অভিনীত তিনটি নাটক উন্মুক্ত হয়েছে। ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। ২৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া থ্রিলারভিত্তিক ‘বিষপাখি’ নাটকে আনোয়ারুল আলম সজল ও মীর রাব্বির বিপরীতে জিমের অভিনয় বেশ প্রশংসিত হয়, যা ইতিমধ্যে ২৩ লাখের অধিক দর্শক দেখেছেন। অন্যদিকে জোনায়েদ বোগদাদীর সঙ্গে ‘পেট্রোল’ নাটকে নিজের ভিন্ন রূপ তুলে ধরেছেন তিনি; নাটকটির ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ।
তবে সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন গত ১১ অক্টোবর প্রকাশিত আরশ খানের বিপরীতে ‘আহা একি মায়া’ নাটকটি। প্রকাশের অল্প দিনেই এটি উপভোগ করেছেন ৪০ লাখেরও বেশি দর্শক। আরশ-জিম জুটির রসায়ন দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, হয়েছে প্রশংসিত।
পরপর তিন নাটকের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত জিম বলেন, ‘তিনটি নাটকেই আমার চরিত্র একেবারেই আলাদা ছিল। বিশেষ করে ভিকি ভাইয়ের নির্দেশনায় গ্রাম্য মেয়ের চরিত্রে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর আরশ ভাইয়ের সঙ্গে রসায়ন দর্শক সবসময়ই পছন্দ করেন, যা এই নাটকে আরও স্পষ্ট। দর্শক ও পরিচালকদের প্রতি আমি কৃতজ্ঞ।’