ওটিটিতে ‘আইসক্রিম’

মুক্তির ১০ বছর পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেল রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘আইসক্রিম’। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের।

দীর্ঘ এক দশক পর নতুন করে চরকিতে ছবিটি আসা নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও এর অভিনয়শিল্পীরা।

প্রথম কাজের স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘ইন্ডাস্ট্রি না বুঝেই অভিনয় সত্তাকে ভালোবেসে ছবিতে যুক্ত হয়েছিলাম। এত বছর পর দর্শকরা সিনেমাটি আবারও দেখতে পাবেন ভেবে দারুণ লাগছে।’ শরিফুল রাজের মতে, ‘আইসক্রিম’ তার আজকের অভিনয় জীবনের মূল ভিত্তি বা শেকড়।

পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘যারা প্রেক্ষাগৃহে ছবিটি মিস করেছিলেন বা প্রবাসী, তারা এখন সহজেই চরকিতে সিনেমাটি দেখতে পাবেন।’

সিনেমায় আরও অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি ও সায়েম সাদাত। গানগুলোতে কণ্ঠ দেন অর্ণব, মিনার, সুমি ও আরমিন মুসা।