মহানবমীতে সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দেবী দুর্গার আরাধনা, পূজা-অর্চনা, অঞ্জলি প্রদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নবমীর আনন্দঘন মুহূর্তে ভক্তরা প্রার্থনা করেন দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী হয়ে উঠুক শান্তিময়। মানুষের মধ্যে দূর হোক সব বিভেদ, প্রতিষ্ঠিত হোক ভালোবাসা ও সম্প্রীতি।

দুর্গামণ্ডপগুলো ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার শক্তি, সাহস এবং অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের মহিমা স্মরণ করা হয়। এ সময় প্রত্যেক ভক্ত প্রার্থনা করেন পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হোক, দূর হোক হিংসা-বিদ্বেষ এবং প্রতিষ্ঠিত হোক শান্তি, ন্যায় ও মানবিকতা।

মহানবমী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয়েছে পূজা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ভক্তদের অঞ্জলি প্রদান ও ধর্মীয় সংগীতে মণ্ডপগুলোতে তৈরি হয় পবিত্র আবহ। বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিমার সাজসজ্জা  ও নান্দনিক মণ্ডপ দেখতে যত সময় যাচ্ছে বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতিরও অনন্য প্রকাশ। এ উৎসবকে কেন্দ্র করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মিলন ঘটে।  পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা তৎপর রয়েছেন।