পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি

চট্টগ্রাম জেলার পটিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম। 

ডিআইজি বলেন, পূজা শুরুর দিন থেকে এই পর্যন্ত চারদিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, চারদিনে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা সফর করেছেন তিনি। সব জায়গায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজা সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রতিমা তৈরির শুরু থেকে পরিবহন ও স্থাপন পর্যন্ত এবং পূজা শুরুর পর থেকে পুলিশের টহল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ একাধিক দল দায়িত্ব পালন করছে। পূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

ডিআইজি বলেন, এবারের পূজার একটি ব্যতিক্রমী দিক হলো কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতারাও পূজা সুন্দরভাবে উদযাপনে এগিয়ে আসছেন। সব মিলিয়ে এবারের দুর্গোৎসব সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

তিনি বলেন, চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা। রাষ্ট্র এ চর্চাকে উৎসাহিত করে, পুলিশও একইভাবে উৎসাহিত করে। সম্প্রীতির এ ঐতিহ্য ধরে রেখে আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পূজা উদযাপনে পুলিশসহ যারা সহযোগিতা করছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান ডিআইজি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেব প্রমুখ।