ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধেরে মঙ্গলবার ভোরে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।