গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী পূজা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে উদ্‌যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

সকালে কল্পারম্ভের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিভিন্ন উপাচারে দেবী দুর্গাকে স্নান করানো হয়। পরে ষোড়শ উপচারে নৈবেদ্য নিবেদন করে দেবীর আরাধনা করেন ভক্তরা। পুরোহিতদের চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। এরপর হোম-যজ্ঞে ফুল, বেলপাতাসহ বিভিন্ন পূজাসামগ্রী অগ্নিতে আহুতি দেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি।

Gopalganj Durga Puja

এ সময় দেবীর চরণে অঞ্জলি দিয়ে অপশক্তির বিনাশ, দেশ ও জাতির মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এদিকে আগামীকাল বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গাকে বিদায় দেওয়ার ভাবনায় ভক্তদের হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া।