দেশজুড়ে সহিংস বিক্ষোভ, সরকারি ভবনে হামলা আর দুই হাজারের বেশি মানুষের গ্রেপ্তারে ফ্রান্সে যখন চরম সামাজিক উত্তেজনা বিরাজ ঠিক তখনই পার্ক দ্য প্রিসেন্সে উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও বার্সেলোনা।
প্যারিস পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর চরম চাপ থাকা সত্ত্বেও ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জরুরি বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার নির্ধারিত সময়েই মাঠে গড়াবে এই মেগা ম্যাচ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ দিবাগত রাত ১টায়।
ম্যাচের আগে ফ্রান্সের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এই বিষয়ে কথা বলার উপযুক্ত ব্যক্তি নই, আমি এখানে ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। নিশ্চয়ই আমরা সহিংসতা পছন্দ করি না, তবে সমাজে এমনটা ঘটছে। আমাদের কেবল ফুটবল ম্যাচটিতেই পুরো মনোযোগ ধরে রাখতে হবে।’
মাঠের ফুটবলে চলতি মৌসুমে উড়তে থাকা বার্সেলোনা টানা ১১ ম্যাচে জয় ও ৪৮টি গোল করে নিজেদের সেরা ফর্মে রয়েছে। তবে ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হওয়াকে নিজেদের আসল পরীক্ষা হিসেবে দেখছেন দুই দলের কোচ।
ইয়ামালকে নিয়ে পিএসজির ছক
‘ইয়ামাল যেন বলই না পায়!’—বার্সেলোনার জার্সিতে বিস্ময় ছড়ানো সেই তরুণ তুর্কিকে থমকে দিতে নিজের ছক কষে ফেলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। চলতি মৌসুমে ৯ গোল ও ১০ অ্যাসিস্টে বার্সাকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নেওয়া এই তরুণ রক্তকে কীভাবে আটকানো যায়, সেটিই এখন স্বাগতিক কোচের মূল চিন্তার কারণ।
ইয়ামালকে নিয়ে সেই ছকের ব্যাখ্যায় এনরিকে বলেন, ‘লামিন ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার পা থেকে বল কেড়ে নেওয়া বা দূরে রাখা। সে যেন বলই না পায়, সেটিই হবে আদর্শ অবস্থা। তবে শুধু ইয়ামাল নয়, রাফিনহা ও পেদ্রির মতো আরও বিশ্বসেরা খেলোয়াড় তাদের দলে আছে।’
ইয়ামালের সঙ্গে লিওনেল মেসির তুলনা নিয়ে এনরিকে আরও যোগ করেন, ‘আমি মনে করি লামিন নিজেই নিজের মতো হতে চায় এবং সে খুব ভালো করছে। সে প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করছে, তবে আপনি যদি তাকে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেন, সেখানে বিজয়ী কেবল একজনই হবে। তাই এই মুহূর্তে তাকে মেসির সঙ্গে তুলনা না করাই সবচেয়ে ভালো।’
বার্সার সামর্থ্য প্রমাণের ম্যাচ
অন্যদিকে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ হানসি ফ্লিক। তবে রক্ষণের ইনজুরি সংকট নিয়েও কথা বলেছেন তিনি। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সেলোনা কোচ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমরা কতটা দূর যেতে পেরেছি, তা প্রমাণের জন্য এটি হবে আমাদের সেরা পরীক্ষা। বিগত দুই বছরের হিসাব করলে পিএসজিই বিশ্বের সেরা দল। তবে আমরা নিজেদের ফুটবলটা খেলতে এবং আমাদের অবস্থান কোথায় তা দেখাতে প্যারিসে এসেছি।’
দলের ইনজুরি সংকট ও বিকল্প ভাবনার কথা জানিয়ে ফ্লিক আরও জানান, ‘রক্ষণ সামলাতে প্রয়োজনে রদ্রি কিংবা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিচে খেলানো হতে পারে। বি দল থেকে ১৮ বছর বয়সী আলেক্স ক্যাম্পোসকে আনা হয়েছে। সময়টা আমাদের জন্য সেরা নয়, তবে আমাদের ইতিবাচক থাকতে হবে।’
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ১৯ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো বার্সেলোনার মূল একাদশে ফিরতে প্রস্তুত রাফিনহা; অন্যদিকে পিএসজির বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে দলের বাইরে থাকছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তবে কুন্দে খুব শিগগিরই ফিরবেন এবং আগামী রবিবারের ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেন বলে আশাবাদী বার্সা কোচ।
পিএসজির বিপক্ষে এখন পর্যন্ত বার্সার লড়াইটা হয়েছে সমানে সমান। ১৬ বারের মোকাবেলায় দুই দলই জিতেছে সমান ৬টি করে ম্যাচ আর ৪টি ম্যাচ হয়েছে ড্র। তবে সবশেষ দুই বারের দেখায় দুটিতেই জিতেছে ফরাসি জায়ান্টরা। এখান দেখার বিষয় দুই দলের লড়াইয়ে ‘লাকি সেভেন’- এ কারা আগে পৌঁছায়।