ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

সোমবার (১৯অক্টোবর) বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
 
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য গত শনিবার বিকালে নিজ আসন গেন্ডারিয়া এলাকায় হাতে অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন। সেই অভিযানের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
 
একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের এ ধরনের কর্মকাণ্ডে দল ও সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ তৈরি হয়। এর জের ধরে পরদিন রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।