বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব গোপন চুক্তির মাধ্যমে ৪.২ বিলিয়ন ডলারে বিক্রি করার উদ্যোগ প্রকাশ পাওয়ার পর বিশ্ব ফুটবলের শীর্ষ দুই সংস্থা ফিফা ও উয়েফার স্নায়যুদ্ধ এখন চূড়ান্ত রূপ নিয়েছে। ইউরোপের তীব্র প্রতিবাদে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই বিতর্কিত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্প বাতিল করে প্রকাশ্যে ক্ষমা চাইলেও তাতে থামেনি অসন্তোষ।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার দৌড়ে থাকা ৫৬ বছর বয়সী এই সংগঠকের শাসনব্যবস্থা, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে এবার অলআউট অ্যাটাকে নেমেছে উয়েফা। সার্বিক স্বচ্ছতা ও শাসনব্যবস্থার জবাবদিহিতা চেয়ে ফিফা সভাপতির উদ্দেশ্যে ৪২টি প্রশ্নের একটি তালিকা পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
সামনে আগামী ১৮ নভেম্বর ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। সেই সমীকরণকে সামনে রেখেই আগামী ২ নভেম্বরের মধ্যে ইনফান্তিনোকে প্রতিটি প্রশ্নের পূর্ণাঙ্গ ও লিখিত জবাব দেওয়ার জন্য কড়া আলটিমেটাম দিয়েছে ইউরোপ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদনে প্রকাশ পায়, উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফা সাধারণ সম্পাদক মাটিয়াস গ্রাফস্ট্রোমকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ফিফার গতানুগতিক জবাবদিহিতার বাইরে গিয়ে ১২টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর সেই ৪২টি প্রশ্নের জবাব চেয়েছে উয়েফা।
এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং উপস্থিত সদস্যদের জানান, তার শাসনব্যবস্থা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকলে তা যেন লিখিতভাবে জমা দেওয়া হয়, যাতে তিনি আগামী ১৬ ডিসেম্বরের পরবর্তী ফিফা কাউন্সিল বৈঠকে সেগুলোর জবাব দিতে পারেন। তবে উয়েফা সেই সময়সীমা মানতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে।
ফিফা সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে ১৬ ডিসেম্বরের বৈঠক পর্যন্ত অপেক্ষা না করার কারণ দর্শিয়ে উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস বলেন, ‘এই প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন। এটি ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত ঝুলিয়ে রাখা যাবে না। না কি অতীত সিদ্ধান্তের জবাবদিহিতা এড়াতে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার সংস্কারের অজুহাত দাঁড় করানো চলবে।’
উয়েফার তৈরি করা এই ১২টি বিষয়ের ৪২টি প্রশ্নের তীরের মুখে এখন ইনফান্তিনোর সাম্প্রতিক সব বিতর্কিত পদক্ষেপ। ইউরোপীয় ফুটবল কর্তাদের পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোরালিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা রহস্যজনকভাবে স্থগিত করা, গায়ক মার্ক অ্যান্টনিসহ অসংখ্য তারকাকে বিনামূল্যে ভিআইপি হসপিটালিটি সুবিধা প্রদান করা আরও অনেক বিষয়ই উঠে এসেছে।
ইউরোপীয় ফুটবলের এমন বিস্ফোরক সব প্রশ্নের বিপরীতে সম্প্রতি জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো ক্ষমা চাইলেও সেটি অসন্তোষ কমাতে পারেনি। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চ্যান্সেলর ডেবি হিউইট প্রকাশ্যে ফিফা প্রধানের পদত্যাগ দাবি করেছেন।
ইনফান্তিনোর পদত্যাগের যুক্তিতে অনড় থেকে ইংলিশ এফএ-এর চেয়ারপারসন ডেবি হিউইট বলেন, ‘আমার অবস্থান বিন্দুমাত্র বদলায়নি। ক্ষোভ প্রশমিত হওয়ার মতো নতুন কোনো তথ্য আমরা পাইনি, কেবল একজন ক্ষমাপ্রার্থী ফিফা সভাপতিকে দেখেছি যিনি তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
সভাপতি পদে প্রার্থী মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার আগেই ফিফা প্রধানের কাছ থেকে এই ৪২টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনড় উয়েফা। নির্ধারিত সময়ের মধ্যে যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে কেবল প্রশাসনিক চাপ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের শরণাপন্ন হয়েও এসব গোপন নথিপত্র তলবের জন্য সমন জারির আইনি প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে উয়েফা।