সাংবাদিক হত্যার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব: ডিআইজি

পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, 'আমরা সাংবাদিক হত্যার যে বিষয়টি—সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন, আমাদের ইন্সপেক্টর জেনারেল দুইবার ফোন করে আমার সাথে এসপি'র সাথে এই মামলার অগ্রগতি নিয়ে কথা বলেছেন এবং পুলিশ যেন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ঘটনার রহস্য উদঘাটন করে।'
 
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
তিনি জানান, 'আমরা মোটামুটি কাছাকাছি চলে গিয়েছি যারা ঘটনা ঘটিয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন আপনাদেরকে নাম প্রকাশ করব না যেহেতু মামলাটি তদন্তাধীন। আমরা একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। তার প্রথমে একদিনের রিমান্ড হয়েছে, আজকে আরও চারদিনের রিমান্ড হয়েছে। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। আমরা আপনাদের কাছে ওয়াদা করছি যে আমরা এই মামলার অবশ্যই রহস্য উদঘাটন করব—কেন তাকে হত্যা করা হয়েছে এবং আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তবে আপনারা এটাও জানবেন যে, পুলিশের আসলে অনেক সময় কোনো আসামি ধরতে একটু সময়ের প্রয়োজন হয়। তো সেইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করতে দিন।'
 
তিনি আরও বলেন, 'প্রতিনিয়ত আমাদের একজন অফিসার—রিসান স্পিনের নেতৃত্বে আমরা একটি টিম করেছি। কালকে রাত চারটার সময় সে আমাকে মেসেজ পাঠিয়েছে যে, আজকে রাতে তাদের অভিযান শেষ হয়েছে। তার মানে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি এই মামলার আসামিদের ধরার জন্য, রহস্য উদঘাটন করার জন্য। আপনারা জানেন, নেত্রকোনা একটি বর্ডার জেলা। এখানে অনেক সময় দুষ্কৃতিকারীরা এ দেশে অপরাধ করে সীমান্ত পার হয়ে যায়। তখন আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে তাদেরকে গ্রেপ্তার করা। তবুও আমরা রাষ্ট্রের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোঅর্ডিনেট করছি। আমরা এই মামলাতে সিআইডি এবং পিবিআইকে সংযুক্ত করেছি, যাতে ছায়া তদন্ত করে তারা জেলা পুলিশের সাথে আমাদেরকে অগ্রগতি দেয়। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাটি তদন্ত করছি।'
 
তিনি বলেন, 'আমরা ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করেছি, কিভাবে দুর্গাপূজার প্রত্যেকটা ইভেন্টকে আমরা নিরাপত্তা দিতে পারি। সেই মোতাবেক আমি নেত্রকোনা জেলায় যেহেতু মণ্ডপের সংখ্যা বেশি, আইজিপি মহোদয়ের সাথে কথা বলে আমি এখানকার জন্য এক প্লাটুন এপিবিএন নিয়ে এসেছি। আপনারা জানেন, এপিবিএন হচ্ছে যখন কোথাও কোনো বেশি ক্রিটিক্যাল অবস্থা দেখা দেয় বা যখন জরুরি প্রয়োজন হয় নিরাপত্তার, তখন কিন্তু এপিবিএন আমরা ডিপ্লয় করি। তো এখানে এই রেঞ্জের মধ্যে আমরা শুধু ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা জেলার জন্য এপিবিএন মোতায়েন করেছি।'