পূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

শারদীয় দুর্গাপূজায় ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকেরা কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। 

তাদের অভিযোগ, স্ট্যান্ডার্ড গ্রুপের অন্য শাখাগুলোতে তিন দিনের ছুটি ঘোষণা করা হলেও জরুন এলাকার ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড শাখায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, শুধু পূজার ছুটির জন্য তাঁরা রাস্তায় নামেননি। তাদের আরও কয়েকটি দাবি রয়েছে।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বেতন দেওয়ার সময় বিকাশের লেনদেন খরচের টাকা দেওয়া, শুক্রবারের পরিবর্তে অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি না দেওয়া, শুক্রবার কাজ করালে অতিরিক্ত সময়ের (ওভারটাইম) মজুরি দেওয়া এবং আগের মতো নামাজের সময় ফ্লোরের বাতি বন্ধ রাখা। এ ছাড়া কর্মঘণ্টা শেষ হওয়ার পর জমা হওয়া কাপড়ের কাজ বিনা পারিশ্রমিকে না করানো, শ্রমিকদের সঙ্গে স্টাফদের দুর্ব্যবহার বন্ধ করা এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করার দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে কারখানার এজিএম মোখলেছুর রহমান, ডিজিএম সাইফুল রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরানোর দাবিও জানিয়েছেন শ্রমিকেরা।

লতিফ নামের এক শ্রমিক বলেন, টানা ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করা কঠিন। তাই আগের মতো শ্রমিকদের বসার জন্য চেয়ার দিতে হবে। কোনো শ্রমিক অসুস্থ হলে লাইন থেকে সুপারভাইজার ও ইনচার্জের মাধ্যমে মেডিকেলে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিও জানান তিনি। পাশাপাশি পূজার ছুটি বাড়ানোর দাবি জানান এই শ্রমিক।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটির দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।