ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এ আসনে প্রার্থী হতে এরইমধ্যে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন সময়ের আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
গতকাল ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মেঘনা। সাক্ষাৎ শেষে প্রকাশ করেছেন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি।
মেঘনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার আদলে শাড়ি পরেছেন। চুলেও তার মতো স্টাইল করে মাথায় রেখেছেন ঘোমটা। গলায় পরেছেন মুক্তার মালা। তার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’
তার ছবি দেখে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। একজন জানতে চান, মায়ের সাজে মেঘনা আলমকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল? জবাবে মেঘনা আলম জানান, ‘সত্যি বলতে, সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; আমি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলাম। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে ভালো লাগছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’