আলোচিত গায়িকার রাজকীয় বিয়ে

বিয়ে করলেন ‘গোল্ডেন’খ্যাত কে-পপ সংগীতশিল্পী ইজে।  দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমকে বিয়ে করেছেন অস্কারজয়ী এই তারকা। ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।   সংবাদ মাধ্যম ভগ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজের কাছে বিয়ের স্থানটি ছিল স্মৃতিতে ভরা। সে স্থানে ছোটবেলায় থাকতেন তার দাদা-দাদি। শৈশবের অনেকটা সময় সেখানে বাগানে ঘুরে এবং বাড়ির পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটি করে কাটিয়েছেন তিনি। এই তারকার বিয়ের সাজেও ছিল কোরিয়ার ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। এ পোশাকগুলোকে বলা হয় হানবক; এতে সেজেছেন ইজে ও তার স্বামী স্যাম কিম। কনের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের কারুকাজ করা হানবক, যার সঙ্গে মানানসই গাঢ় লাল রঙের লম্বা, ঘেরওয়ালা স্কার্ট।

পোশাকটির ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক, আর স্কার্টটির নাম ‘চিমা’। জ্যাকেটজুড়ে সোনালি নকশার পাশাপাশি বুকের মাঝখানে রয়েছে ড্রাগনের প্রতিকৃতি। চুলে ঐতিহ্যবাহী অলংকারও সাজকে দিয়েছে বিশেষ মাত্রা। পোশাকটি নকশা করেছেন দক্ষিণ কোরিয়ার ডিজাইনার হান উন-হি। অন্যদিকে, স্যাম কিমের পরনে ছিল হালকা সোনালি-খয়েরি রঙের ঐতিহ্যবাহী হানবক, সাদা কলার, কোমরে গাঢ় রঙের বাঁধন এবং বুকে গোলাপি ফিতার মতো অলংকরণ।

ইজে ও স্যামের পরিচয় ২০১৭ সালে। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। গানের একটি সেশনে একসঙ্গে কাজ করার সূত্রেই তাদের পরিচয়। ২০২৩ সালে বাগ্‌দান হলেও সম্পর্কের ব্যক্তিগত নানা দিক আড়ালেই রেখেছিলেন তারা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশের মাধ্যমে বাগ্‌দানের খবর জানিয়েছিলেন ইজে।