ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। এ আয়োজন সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন সহজ করতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দেশে ও প্রবাসে থাকা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহামদ। তিনি বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানে তার সহধর্মিণী দিলারা ফেরদৌসও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন, রেজাউল করিম শাহিন, মো. শাহজাহান, আনিসুল আলম, জাকির হোসেন, মোহাম্মদ আছলাম, নন্দ বণিক, জহিরুল ইসলাম রাজু, মাহমুদ হক আরাফাত, মো. ইব্রাহিম, কামাল উদ্দিন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম আরিফ ও আব্দুল আলিম বাবুসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এ দুটির মাধ্যমে দেশে ও বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরির সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুরশেদ আলম।
অনুষ্ঠানে কবির আহামদ বলেন, ‘আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফুলগাজী পাইলট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট ও একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। দেশে ও প্রবাসে থাকা আমাদের বন্ধু ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে নিবন্ধন করতে কোনো সমস্যা হলে আনিসুল আলম, মাহমুদ হক আরাফাত, জহিরুল ইসলাম রাজু ও সিরাজুল ইসলাম আরিফের সঙ্গে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের প্রত্যাশা, পুনর্মিলনীর মধ্য দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্র হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পুরোনো বন্ধুত্ব, স্মৃতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের বন্ধন নতুন করে জোরালো হবে।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের একত্র করা এবং বিদ্যালয়জীবনের স্মৃতি ভাগাভাগি করার লক্ষ্যেই পুনর্মিলনী-২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।