দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি ঘুষ হিসেবে গ্রহণ করার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগসংক্রান্ত একটি ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে বিচার চেয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।
লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা নেন। এর পাশাপাশি তাঁকে তিনটি খাসিও উপহার হিসেবে দিতে হয়। অভিযোগে মোসলেম মোল্লা দাবি করেন, টাকা ও খাসি নেওয়ার বিষয়টি প্রমাণের পর্যাপ্ত তথ্য-প্রমাণ তাঁর কাছে রয়েছে। তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রমিজ উদ্দিনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তবে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। তিনি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা আলী হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এই বিএনপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় গত ১১ অক্টোবর রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।