পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মঠবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। হাফেজ মাওলানা আবু বকরের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল আটটা থেকে মঠবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ২০২৬ সালের ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এ আর মামুন খান বলেন, পবিত্র কোরআনের প্রচার-প্রসার এবং হাফেজদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের পাশে থাকতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি।