ত্বকের যত্ন এখনই

অক্টোবরের বাতাসে হালকা হিম হিম হাওয়া জানান দেয় শীত আসছে। সারা দিন রোদের তাপে তার দেখা না পাওয়া গেলেও শেষ রাতের বাতাসে বোঝা যায় পাতাঝরা দিনের শুরু। পানি দিয়ে মুখ ধোওয়ার পর ত্বকে টান ধরা, হাত-পায়ে শুকনো ভাব জানিয়ে দেয় পালটে যাচ্ছে বাতাসের মতিগতি। মৌসুম বদলের এই সময়টায় আপনার ত্বকের যত্নে করণীয় জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

বদলে নিন ক্লিনজার

গরমে জেল বেসড ক্লিনজার আদর্শ হলেও শীতে কার্যকর নয়। যেহেতু এই সময়টায় বাতাস ত্বক থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়, তাই ক্রিম বেসড ক্লিনজারই উপযুক্ত । কারণ ক্লিনজিং ও এক্সফোলিয়েশনের সময় ত্বকে কিছুটা আর্দ্রতা থেকে যেতে পারে। আর সাবানের ক্ষার ত্বককে আরও শুকনো করে দেয়। তাই  বেছে নিন এমন মাইল্ড ক্লিনজার যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বককে করে সতেজ। ক্রিম বেসড ক্লিনজারই শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

ঠোঁট ফাটা এড়িয়ে চলুন

ম্যাট লিপস্টিক আপনার পছন্দ হতেই পারে, কিন্তু ঠোঁট আর্দ্র রাখতে বছরের এই সময়টা গ্লসি লিপস্টিকই ভালো। গ্লসি লিপস্টিক একান্ত পরতে না চাইলে এর পরিবর্তে টিন্টেড লিপবাম পরতে পারেন। হাতের যত্নে হ্যান্ডক্রিম ব্যবহার করা ভালো।

ময়েশ্চারাইজার দিন

মৌসুম বদলের সময় ত্বকের দরকার পরিপূর্ণ আর্দ্রতা। তাই প্রতিবার মুখ ধোওয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার মাখুন। শুধু তাই নয়, ত্বকে শুকনো টানভাব হচ্ছে মনে হলেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। ত্বকের ধরনের ওপর নির্ভর করে বেছে নিন আপনার জন্য উপযুক্ত ময়েশ্চারাইজারটি।এই সময়টা ওয়াটারবেসড লোশন না মেখে একটু ভারী ক্রিম যা অতিরিক্ত তেলতেলে না করে আবার ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এমনটা বেছে নিন।

নিজের সার্বিক যত্ন নিন

ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, যাই ব্যবহার করুন না কেন নিজের ত্বকের ধরন সম্পর্কে জানা থাকা দরকার। যে কোনো নতুন প্রডাক্ট ব্যবহারের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।