‘নান্দনিক’-এর ৪৯ বছর

শিল্পকলায় প্রদর্শিত হবে নাটক ‘নৃপতি’ ও চলচ্চিত্র ‘নয়া মানুষ’

১৯৭৭ সালের ১৬ অক্টোবর একঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করেছিল ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘নান্দনিক নাট্য সম্প্রদায়’। নাটকের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার লক্ষ্য নিয়ে পথচলার ৪৯ বছর পূর্ণ করছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’। আয়োজনে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সংস্কৃতিজনরা। সংগঠনটির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা জানান, নানা চড়াই-উৎরাই পেরিয়ে ঐতিহ্য বজায় রেখেই তারা আজ এ অবস্থানে পৌঁছেছেন। ‘নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় নিয়মিত অবদান রাখতে চান তারা।

উৎসবের প্রথম দিন ২২ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘নৃপতি’। পরদিন ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় ‘নৃপতি’ নাটকের প্রদর্শনী এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ দেখানো হবে। সংগঠনটির সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান জানান, সুস্থ নাট্যচর্চার পরিবেশ গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি দর্শক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।