চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। চাকরিতে পুনর্বহালের জন্য গতকাল মঙ্গলবার চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচি থেকে চাকরিতে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। এ সময় তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি পূরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরিচ্যুত হওয়ায় তারা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। যে কারণে তাদের পরিবারের সদস্যরাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, তারা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে চান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ সমস্যার কার্যকর সমাধান হবে এবং আবারও কর্মজীবনে ফেরার সুযোগ পাবেন আশা করছেন আন্দোলনকারীরা।