মিসরে বাস ও ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিদের সবাই দেশি-বিদেশি পর্যটক।
এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ক্রেনের সাহায্যে বড় বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর এবং দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সাদা আল বালাদ জানায়, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাস ও ভারী পণ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়।
মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার জন্য প্রায়ই দায়ী করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন।