টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ তিন

গাজীপুর জেলার টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী ও মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী ভাদাম রোডে মাদ্রাসা মার্কেটের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- লাল চান মিয়া (৪৪), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০) এবং তাদের মেয়ে তানিশা আক্তার (১৬)।

দগ্ধ দম্পতির বড় মেয়ে বিউটি আক্তার জানান, তারা পাশের এলাকায় থাকেন। সকালে খবর পান তাঁর বাবা-মায়ের বাসায় বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে তিনি হাসপাতালে গিয়ে দগ্ধ স্বজনদের দেখতে পান।

বিউটি আরও আক্তার জানান, ওই বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। পাশাপাশি তারা গ্যাস সিলিন্ডারও ব্যবহার করেন। তাদের ধারণা, গ্যাস লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, লাল চান মিয়ার শরীরের ৯৫ শতাংশ, নাসিমা খাতুনের ৮৫ শতাংশ এবং তানিশা আক্তারের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ পরিবারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি কুড়িপাড়া গ্রামে। লাল চান মিয়া ও নাসিমা খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। তাঁদের মেয়ে তানিশা স্কুলে পড়ে।