স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা

চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী স্থানীয় পরিষদ নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে প্রার্থীদের জয়ী হতে হবে।

এসময় তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ করবে না।

চট্টগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি এসব কথা বলেন।

নগরীর হোটেল রেডিসনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে এ সাংগঠনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২১ অক্টোবর) সকালে উক্ত বৈঠকে উপস্থিত চট্টগ্রাম-৯ আসনর সংসদ সদস্য আবু সুফিয়ান দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রী দলীয় নেতাদের উদ্দেশে যে বার্তাটি দিতে চেয়েছেন তা হলো- আগের ফ্যাস্টিস্ট সরকার বিভিন্ন নির্বাচনে যেভাবে হস্তক্ষেপ করেছেন বর্তমান সরকার সেটা করবে না। দলের যেসব লোক প্রার্থী হবেন তাদেরকে নিজ নিজ এলাকার জনগণের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে ভোটে জয় লাভ করতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাদের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যদি কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয় তাদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে যে কোন ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান এই নেতা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন তিন সাংগঠনিক জেলার নেতা, চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও বেশ কয়েকজন মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা।