ভারতের ইতিহাসে বৃহত্তম শেয়ার বিক্রি শুরু করল মুকেশ আম্বানি

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবা প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মস প্রথমবারের মতো পুঁজিবাজারে শেয়ার ছাড়তে যাচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩০ হাজার ২০০ কোটি রুপি (প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড) সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি ভারতের ইতিহাসে বৃহত্তম শেয়ার বিক্রির উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। খবর বিবিসির। 

জিও প্ল্যাটফর্মস ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান। আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি তার টেলিযোগাযোগ ইউনিট রিলায়েন্স জিও ইনফোকমের সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণে নেওয়া ঋণ পরিশোধ করবে। রিলায়েন্স জিও ইনফোকম ভারতের বেসরকারি খাতের বৃহত্তম টেলিযোগাযোগ অপারেটর।

বাজারে সামগ্রিক শেয়ারদর দুর্বল থাকা সত্ত্বেও এক মাসের মধ্যে ভারতে এটি দ্বিতীয় বড় আইপিও। এর আগে দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নেয়।

কেজরিওয়াল রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভিসেসের অরুণ কেজরিওয়াল বিবিসিকে বলেন, শেয়ারবাজারে মন্দাভাব থাকলেও আইপিও বাজারে বেশ তৎপরতা দেখা যাচ্ছে। আকর্ষণীয় মূল্যায়ন এবং নতুন ও দ্রুত সম্প্রসারণযোগ্য প্রযুক্তি ব্যবসার প্রতি আগ্রহের কারণে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা এসব শেয়ারে আগ্রহ দেখাচ্ছেন।

তাঁর মতে, তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের তুলনায় কম মূল্যায়ন ও মূল্য-আয় অনুপাত (পি/ই রেশিও) বিবেচনায় রেখে আইপিওর শেয়ারদর নির্ধারণ করা হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের কাছে এসব শেয়ার আকর্ষণীয় হয়ে উঠছে। মূল্য-আয় অনুপাতের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রতি একক আয়ের বিপরীতে বিনিয়োগকারীরা কত অর্থ দিতে আগ্রহী, তা বোঝা যায়।

জিও প্ল্যাটফর্মসের আইপিওতে প্রতি শেয়ারের দাম ১ হাজার ৬৫ থেকে ১ হাজার ১১৯ রুপির মধ্যে নির্ধারণ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বিনিয়োগকারীরা শেয়ার কেনার আবেদন করতে পারবেন।

এদিকে ভারতের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি-৫০ চলতি বছরে ১২ শতাংশের বেশি কমেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিও শুরুর আগেই সোমবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের শেয়ার কেনার আবেদন করেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ারের তুলনায় এই আবেদন প্রায় ৩০ গুণ বেশি।

জিও প্ল্যাটফর্মসের ব্যবস্থাপনা পরিচালক আকাশ আম্বানি এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারসের নির্বাহী পরিচালক মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি এবার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক ও প্রচার কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তবে মুকেশ আম্বানি নিজে এবার বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নেননি।