সিংগাইরে গাছে ঝুলে ছিল যুবকের মরদেহ

মানিকগঞ্জের সিংগাইরে সবুজ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোসলেমাবাদ গ্রামের একটি কড়ইগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুজ (২৮) ওই এলাকার শিকিম মোল্লার ছেলে ও এক সন্তানের জনক।

স্থানীয় ও পরিবার জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মোসলেমাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয় লোকজন আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে সঙ্গে তার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সবুজের বাবা শিকিম মোল্লা জানান, কারও সঙ্গে তার ছেলের আর্থিক লেনদেন ছিল। ওই ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে তাকে বলতেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের উদ্দেশে ছেলে এমন কথা বলতেন, তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বুধবার ছেলের মৃত্যুর খবর পান তিনি।

স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ দাবির সত্যতা কিংবা তার মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেনি তারা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’