মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে তার শিকড়ের যোগ অটুট, বার বার তার প্রমাণ দিয়েছেন ‘দেশি গার্ল’। কখনও মেয়েকে ভারতীয় মন্ত্র শেখানো, কখনও বাড়িতে পূজার আয়োজন—নিজের শিকড়ের পরিচয় পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চান অভিনেত্রী।
এবার বিজয়া দশমীতে স্বামী ও কন্যা মালতী মেরিকে বাড়িতেই পূজার আয়োজন করলেন প্রিয়াঙ্কা। সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই অনুরাগীদের নজর কাড়ল গোটা পরিবার। বিশেষ করে ছোট্ট মালতীর সাজ এবং নিকের ভারতীয় পোশাকে পুজোয় অংশ নেওয়ার মুহূর্ত মন জিতে নিয়েছে নেটিজেনদের। পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উৎসব পালনের সেই ঝলকে দেখা যায়, পুজোর আয়োজন করা হয়েছে বাড়িতেই। প্রথমে শিবলিঙ্গের অভিষেক, তার পর হোম—বিভিন্ন ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় পূজা।
ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে পূজায় বসে থাকতে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ছিল মেয়ে মালতীও। পুরোহিতের উপস্থিতিতে সম্পন্ন হয় ধর্মীয় অনুষ্ঠান। পরিবারের এই বিশেষ মুহূর্তগুলোতে ভারতীয় ঐতিহ্যের প্রতি প্রিয়াঙ্কার টান স্পষ্ট। ব্যস্ত কাজের সূচির মাঝেও পরিবারের সঙ্গে উৎসব পালনের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী। ছবির সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, মা দুর্গার শক্তি, প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা যেন আজ, আগামীকাল এবং চিরকাল তাদের সঙ্গে থাকে। অভিনেত্রীর এই বার্তায় উঠে এসেছে উৎসবের মূল ভাবনা—শক্তি, বিশ্বাস এবং পরিবারের সঙ্গে একাত্ম হয়ে থাকার আনন্দ।
তবে সব ছাপিয়ে গিয়েছে ছোট্ট মালতী। সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে তার গলায় ছিল ‘জয় মাতা দি’ লেখা একটি ওড়না। হাতে ছোট্ট ছোট্ট চুড়ি বা বালা, আর উৎসবের সাজে খুদে মালতীর উপস্থিতি ছবিগুলিকে আরও মিষ্টি করে তুলেছে। একটি ছবিতে নিককে মালতীর পা ধুয়ে দিতে দেখা যায়। এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়েছে কন্যাপূজোর রীতি।