পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘ডট’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন বড়ুয়া মনোজিত ধীমন। ছবিটিতে অভিনয়ও করেছিলেন তিনি। এবার ‘ডিটেকটিভ’ নামে আরেকটি ইংরেজি ছবি নির্মাণ করছেন ধীমন। এই ছবিটিতেও একই সঙ্গে পরিচালনা ও অভিনয় আছেন তিনি। সম্প্রতি ‘ডিটেকটিভ’ ছবির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কক্সবাজারে প্রথম লটের দৃশ্য ধারণের কাজ চলছে। ছবিতে নতুন একটি জুটি উপহার দেবেন পরিচালক।
ঢাকার চলচ্চিত্র অঙ্গনে ভিন্নধর্মী প্রযোজনার জন্য নিজের আলাদা জায়গা তৈরি করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। তার প্রযোজিত বাংলাদেশে প্রথম নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফলে নতুন সিনেমার নাম প্রকাশ্যে আসার পর থেকেই সেটি নিয়ে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের।
নির্মাতা বললেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘ডিটেকটিভ’ ছবির প্রথম লটের চিত্রায়ন কাজ কাজ চলছে, এ ছবির অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি জুটি। তবে গল্পের চমক ও দর্শকদের আগ্রহ ধরে রাখতে কেন্দ্রীয় জুটির নাম প্রকাশ বলতে চাচ্ছি না। এটি বড় পর্দার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র আকারে আসবে।’