যমুনা সেতু ও সংযোগ সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে সেতু সচিব

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন যমুনা সেতু এলাকা এবং সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্বর পর্যন্ত সড়ক নির্মাণকাজের প্যাকেজ-৫-এর আওতাভুক্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি যমুনা সেতুর পট বেয়ারিং পরিবর্তন এবং সেতুর রেললাইনের অংশে সড়ক প্রশস্তকরণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে পট বেয়ারিং পরিবর্তনের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। যমুনা সেতু একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের অংশ হওয়ায় আগামী ঈদুল ফিতর, ২০২৭-এর ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে ঈদুল ফিতরের আগেই সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় তিনি বর্তমান সরকারের প্রতিশ্রুত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় রোপণ করা চারাগুলো পরিদর্শন করেন। পাশাপাশি, সেতু এলাকায় নির্মাণাধীন মিউজিয়াম ভবনের নির্মাণকাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন। নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।

সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন। তবে কাজের ধীরগতি পরিলক্ষিত হওয়ায় নির্মাণকাজের গতি ত্বরান্বিত করে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।

এ ছাড়া, উল্লিখিত প্যাকেজের আওতায় সল্লা বাজার এলাকায় ওভারপাস নির্মাণের বিষয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, ওই এলাকার সড়কের উভয় পাশে সংযোগ সড়ক, রেলক্রসিং, হাটবাজার, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং কৃষিজমি রয়েছে। ফলে স্থানীয় জনগণকে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে হালকা ও ভারী যানবাহনে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে হয়।

এ পরিপ্রেক্ষিতে, উক্ত স্থানে ওভারপাস নির্মাণের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সেতু বিভাগের সচিব তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সাসেক-২ প্রকল্পের আওতায় ওই স্থানে ওভারপাস নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, ওভারপাস নির্মাণের দাবিতে স্থানীয় জনগণ বিভিন্ন সময়ে ওই এলাকায় মানববন্ধন করেছেন। ওভারপাস নির্মাণসংক্রান্ত জটিলতার কারণে সংশ্লিষ্ট অংশে সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যানচলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে তিনি যমুনা সেতুর অপারেশন ও মেইনটেন্যান্স সম্পর্কিত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময়ে তিনি লক্ষ্য করেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যানবাহনের চলাচল বৃদ্ধি পেলেও যমুনা সেতু এলাকায় উল্লেখযোগ্য যানজট হয়নি। এ সময় সেতু বিভাগের সচিব যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক করতে যমুনা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।