সবকিছুই ছিল ঠিক-ঠাক। মঞ্চও ছিল পু্রোপুরি প্রস্তুত। অথচ মঞ্চে নির্ধারিত সময়ে গান গাওয়া হলো না ব্রিটিশ গায়িকা লিলি অ্যালেনের। ভাইরাসের সংক্রমণে অসুস্থ হয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে নিজের কনসার্ট বাতিল করেছেন তিনি। এতে হতাশ হয়েছেন তাকে দেখতে আসা ভক্তরা। বুধবার (২১ অক্টোবর) অকল্যান্ডের স্পার্ক অ্যারেনায় পারফর্ম করার কথা ছিল লিলির। ‘ওয়েস্ট এন্ড গার্ল’ অ্যালবামকে ঘিরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের অংশ ছিল এই আয়োজন। তবে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করতে হয় তাকে।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে লিলি জানান, ভাইরাসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় মঞ্চে উঠে গান গাওয়া সম্ভব নয়। দূরদূরান্ত থেকে আসা দর্শকদের কাছেও ক্ষমা চান এই গায়িকা। কনসার্টের টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থাও জানানো হয়েছে। দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ডে এটিই ছিল লিলির প্রথম পরিবেশনা। এর আগে ২০১৯ সালে দেশটিতে গান গেয়েছিলেন তিনি।