চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-২ ব্যবধানে হেরে চলতি ২০২৬-২৭ মৌসুমে প্রথমবারের মতো পরাস্ত হয়েছে বার্সেলোনা। একই সঙ্গে দলটির টানা ১১ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়লো। তবে এই পরাজয়ে ভেঙে পড়ার কিছু দেখছেন না বার্সেলোনা অধিনায়ক রাফিনহা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্যারিসের এই তিক্ত অভিজ্ঞতা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আসন্ন ‘এল ক্লাসিকো’র প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
প্যারিসে ম্যাচের শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যদের তীব্র আক্রমণের মুখে পড়ে হানসি ফ্লিকের দল। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় তুলে নেয় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। এই হারের সাথে বার্সেলোনা শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে মিডফিল্ডার দানি ওলমোর আঘাত পেয়ে মাঠ ছাড়া। ওলমোর চোট কতটা গুরুতর এবং আসন্ন ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে ম্যাচ শেষে দলের মানসিক অবস্থান পরিষ্কার করে রাফিনহা বলেন, “সত্যি বলতে, আমরা জানতাম কোনো না কোনো সময় প্রথম হারের মুখ দেখতে হতে পারে। শেষ পর্যন্ত আমরা ইউরোপের দুবারের টানা চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের নিজেদের মাঠে খেলছিলাম। তাদের ক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে। জয় কিংবা এক পয়েন্ট নিয়ে ফেরাই আমাদের লক্ষ্য ছিল। তবে যাই হোক, এটা তেমন বড় কোনো ঘটনা নয় (নো বিগ ডিল); কেবল তিনটি পয়েন্ট হাতছাড়া হলো।”
আন্তর্জাতিক বিরতিতে চোট পাওয়ার পর এই ম্যাচ দিয়েই বার্সেলোনার শুরুর একাদশে ফেরেন রাফিনহা। চোট কাটিয়ে ফেরার পর তাকে দেখে-শুনে খেলানোর অংশ হিসেবে ম্যাচের ৬০ মিনিটে তুলে নেন কোচ ফ্লিক। এ প্রসঙ্গে ব্রাজিলীয় তারকা বলেন, “এক সপ্তাহেরও কম সময় অনুশীলন করার সুযোগ পেয়েছি, তাই কম সময় খেলাটাই পরিকল্পনার অংশ ছিল। কোচের তুলে নেওয়াতে একটু বিরক্তি লাগলেও আমি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করছি। সবচেয়ে বড় কথা, আমাদের লা লিগার অপরাজেয় যাত্রা এখনো অক্ষুণ্ণ রয়েছে এবং ক্লাসিকোতেও তা ধরে রাখতে আমরা সর্বস্ব দেব।”