কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ও দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

মৃত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একই সঙ্গে নিখোঁজ দুজনের মধ্যে একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন ২৩ বছর বয়সী রোহান। রোহানের বাবার নাম মুকাররম হোসেন। তার বাড়ি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায়।

এ ছাড়া নিখোঁজ একজন হলেন ২২ বছর বয়সী নাফিসুল হক নিবিড়। তার বাবার নাম নাবিবুর রহমান। তার ঠিকানা ঢাকার উত্তরার আজিমপুর এলাকায়।

তবে সাইফুল ও নাফিসুল হক নিবিড়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামেন।

এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। এ সময় স্থানীয়রা তিন পর্যটকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।