সৌদি আরবের পূর্বাঞ্চল-মদিনায় ড্রোন ধ্বংসের দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও পবিত্র নগরী মদিনার দিকে ধেয়ে আসা পাঁচটি ড্রোন আকাশেই আটকে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এসব ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জোটের মুখপাত্র। গতকাল বুধবার এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, সৌদি আরবের দিকে ছাড়া চারটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। আল অ্যারাবিয়া জানিয়েছে, দ্বিতীয় আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের পূর্বাঞ্চলে ও মদিনায় ঘটনাগুলো ঘটেছে।

তবে সৌদি জোটের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার ইয়েমেনের হুতিরা মদিনার দিকে কোনো ড্রোন ছোড়েনি এবং সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানও পরিচালনা করেনি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে এই লড়াই তীব্র আকার ধারণ করেছে। এর আগে হুতিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছিল। এতে সৌদি আরবের বিমান চলাচল ও তেল রপ্তানি বিঘ্নিত হয়েছিল।