হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জীবনে কি নতুন প্রেম এসেছে? সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর এবার অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর এ নিয়ে গুঞ্জন ছড়ায়।
রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোম্যান্স’-এ একসঙ্গে অভিনয় করেছেন লোপেজ ও ব্রেট। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্সকে একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তারা একে অপরের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন।
এর আগে একটি টক শোতে নিজেদের প্রেমের গুঞ্জন নাকচ করেছিলেন দুজন। তবে ব্রেট জানিয়েছেন, ‘অফিস রোম্যান্স’ সিনেমার চরিত্রটি তিনি জেনিফারকে মাথায় রেখেই লিখেছিলেন। এমনকি চরিত্রটির জন্য তার পছন্দের তালিকায় জেনিফারই ছিলেন একমাত্র নারী।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি আড্ডায় একই গাড়িতে করে উপস্থিত হন তারা। তবে আলোকচিত্রীদের নজর এড়াতে আলাদা সময়ে অনুষ্ঠানে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বেন অ্যাফ্লেক। এক সাক্ষাৎকারে তিনি জেনিফারকে অত্যন্ত পরিশ্রমী নারী হিসেবে উল্লেখ করেন, যিনি নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন।
তবে ব্রেটের সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো মুখ খোলেননি জেনিফার বা ব্রেট কেউই। ফলে তাদের সম্পর্কের বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।