একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ও ইউসেপ বাংলাদেশ

তরুণদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে, প্রাইম ব্যাংক পিএলসি এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এর আওতায়, প্রাইম ব্যাংক খুলনা ও রাজশাহীতে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত দুটি কারিগরি স্কুলের অপারেশনাল ব্যয় এবং বৃত্তিমূলক শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে।

সম্প্রতি ঢাকার প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব জাতীয় দক্ষতা উন্নয়ন, লিঙ্গ সমতার প্রসার এবং দেশজুড়ে টেকসই যুব ক্ষমতায়নের মতো বৃহত্তর জাতীয় অগ্রাধিকারগুলোকে সমর্থন করে।

মো. জিয়াউর রহমান বলেন, ‘কারিগরি শিক্ষায় বিনিয়োগ হলো দেশের অর্থনৈতিক ভবিষ্যতের বিনিয়োগ, যা টেকসই ব্যাংকিং লক্ষ্য এবং জনকল্যাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, দারিদ্র্য বিমোচন এবং একটি আধুনিক বাংলাদেশের জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’

এর মাধ্যমে প্রাইম ব্যাংক এবং ইউসেপ বাংলাদেশ সম্ভাবনাকে উৎপাদনে রূপান্তর করার লক্ষ্য নিয়েছে, যা খুলনা ও রাজশাহীর শত শত তরুণ শিক্ষার্থীর জন্য শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার পথ উন্মুক্ত করবে।