ডিজিটাল বীমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদ চুক্তি

বাংলাদেশে ডিজিটাল বীমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বীমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ। এ অংশীদারত্ব দেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বীমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দুটি ডিজিটাল বীমা পণ্য- কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহক প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করে বীমাসেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকের সুবিধা নিশ্চিত করা এবং বেশিসংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।

সম্প্রতি ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।

এ সময় নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবীমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহক সহজে বীমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বৃদ্ধি পাবে।’

সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, ‘নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বীমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’