আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আজকের এই সফরে সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে। এ সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। পরে তিনি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন তিনি।

এরপর নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সফর সফল করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।