যাত্রাবাড়ীতে ট্রাক ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাক ধাক্কায় মুরগি বহনকারী অটোভ্যানে থাকা শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সিদ্ধিরগঞ্জে একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

শামীমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামে। তার বাবার নাম শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনি থাকতেন। সেখানে একটি মুরগির দোকানে কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, শামীম ভোরে ঢাকার কাপ্তান বাজার থেকে মুরগি কিনে অটো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানে থাকা শামীম। আহত হন ভ্যানের চালক মো. রাসেল। খবর পেয়ে তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শামীমকে চিকিৎসক মৃত ঘোষাণা করেন। 

তিনি জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।