মাদক সেবনে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ 

গোপালগঞ্জ সদর উপজেলায় বসতবাড়িতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি, গাছ কেটে ফেলা ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লিমা বেগম। লিমা বেগম সদর উপজেলার বড়ফা দক্ষিণপাড়ার সৌদি আরবপ্রবাসী গোলাম মোস্তফা মিনার স্ত্রী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী সাইফুল মিনা ও মুন্না মিনা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির বিভিন্ন স্থানে বসে মাদক সেবন করে আসছেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া বিভিন্ন সময়ে টাকা দাবি এবং বসতবাড়ি থেকে আসবাবপত্র চুরির অভিযোগও করেন তিনি।

২০ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইফুল মিনা, মুন্না মিনা ও মুক্তা বেগমের সঙ্গে লিমা বেগমের বিরোধ হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে প্রবেশ করে কয়েকটি বনজ ও ফলজ গাছ কেটে ফেলেন এবং বাড়ির পানির সরবরাহের পাইপ ভাঙচুর করেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পানির সরবরাহে বিঘ্ন ঘটে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওলিয়ার রহমান জানান, সাইফুল মিনা এলাকায় মাদক সেবনের সঙ্গে জড়িত বলে তার জানা আছে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জনান, থানায় একটা অভিযোগের হয়েছে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।