রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক রিফাত (২০) ও যাত্রী শাহনাজ বেগম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত উপজেলার মৈকুলি এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে। শাহনাজ বেগম মনির হোসেনের স্ত্রী।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিফাত পাঁচজন যাত্রী নিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিফাত ও যাত্রী শাহনাজ বেগম নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।