‘মায়ামি থেকে ছুটি নিয়ে ফের আর্জেন্টিনায় খেলুক মেসি’

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতালেও ভক্তদের বড় আক্ষেপ, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। ঠিক একই রকম ক্ষোভ ও ভালোবাসা জমেছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনসের মনেও। তাই তো নিউ ইয়র্ক কমিক-কন-এর জমকালো মঞ্চে নিজের চলচ্চিত্রের খবরের চেয়েও মেসিকে দেওয়া তার এক অদ্ভুত পরামর্শ নিয়ে এখন সর্বত্র আলোচনা। তার একান্ত অনুরোধ, মায়ামি থেকে সাময়িক ছুটি নিয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাক মেসি। 

সম্প্রতি, নিউ ইয়র্ক কমিক-কন-এর মঞ্চে নতুন থ্রিলার সিরিজ ‘কিল জ্যাকি’-র প্রচারণায় এসে মেসিকে নিয়ে এমন এক অদ্ভুত আর মজার পরামর্শ দেন ক্যাথরিন। সেখানে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ফেদেরিকো কারেস্তিয়ার এক প্রশ্নের মুখে ফুটবলপ্রেমের বাঁধ ভাঙা জোয়ার ভাসিয়ে দেন তিনি। 

আর্জেন্টিনার জার্সিতে মেসির ঐতিহাসিক বিদায়ের প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যাথরিন বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই আমি জানি যে সে জাতীয় দল থেকে অবসর নিচ্ছে। তবে সে তো এখনও মিয়ামিতে খেলছে, তাই না? আমার ব্যক্তিগত অভিমত হলো, সে বরং জাতীয় দলেই খেলা চালিয়ে যাক এবং মায়ামি থেকে একটু ছুটি নিক। তবে এটি একেবারেই আমার নিজস্ব ভাবনা।’ 

মেসির প্রতি তার এই অকৃত্রিম আনুগত্য কিন্তু সাম্প্রতিক কোনো ঘটনা নয়। মেসি পিএসজিতে পাড়ি জমানো থেকেই তাকে অনুসরণ করে এই হলিউড তারকা। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ মেসি যখন প্যারিস সেন্ট জার্মেইতে গিয়েছিল, আমি তখনও তাকে অনুসরণ করেছিলাম। আমি পিএসজির ভক্ত হয়ে উঠেছিলাম, আর এখন আমি ইন্টার মায়ামিরও ভক্ত।’ 

ক্যাথরিনের ফুটবল অনুরাগের এই রূপকথা অবশ্য চূড়ান্ত চূড়ায় পৌঁছেছিল ২০২২ কাতার বিশ্বকাপে, যখন ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি। সেসময় সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়ে একটি ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘এবং ঈশ্বরই মেসিকে সৃষ্টি করেছেন’।

তবে সাবেক আর্জেন্টাইন অধিনায়কের প্রতি নিখাদ ভালোবাসা থাকলেও জাতীয়তাবাদের প্রশ্নে গিয়ে এই প্রেম খানিকটা থমকে যায়। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ইংল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হলে তাঁর মন যে দোটানায় পড়ে যায়, তাও স্পষ্ট স্বীকার করেছেন এই তারকা। নিজের দেশের প্রতি টানের কথা তুলে ধরে ক্যাথরিন বলেন, ‘তবে আমাকে বলতেই হচ্ছে, ইংল্যান্ড যদি আর্জেন্টিনার বিপক্ষে খেলে... তবে মেসির প্রতি ভালোবাসাটা সামলে নিয়ে আমাকে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জন্যই সমর্থন জোগাতে হয়।’

‘দ্য মাস্ক অব জোরো’, ‘শিকাগো’ কিংবা নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’-র মতো একের পর এক জনপ্রিয় কাজের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে বিনোদন দুনিয়া শাসন করছেন এই ওয়েলশ অভিনেত্রী। তবে ফুটবল পাড়াতে তার আবেগের জায়গা একেবারেই সাধারণ না, কারণ সেখানে আছেন লিওনেল মেসির মতো মহাতারকা।