শিবালয়ে বাসের ধাক্কায় নিহত ২, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ জেলার শিবালয়ে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যানবাহনের যাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহিনের ছেলে ইয়াছিন (২০) ও মোজাহারের ছেলে বাবুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌহালী থেকে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে ইউটার্ন নেওয়ার সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। গুরুতর আহত বাবুলকে মুন্নু হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত ইজিবাইকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও শিবালয় থানা-পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত সেলফি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।