ভোলায় একদিনে দুই মরদেহ উদ্ধার

ভোলার সদর ও দৌলতখান উপজেলায় পৃথক ঘটনায় একদিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম নাহিদ (১৭) ও শাকিল (২৮)। দুই মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইলিশা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার রাতে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ এলাকায় রাস্তার পাশ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। শাকিল ওই এলাকার নুরনবীর ছেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ওই যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পৃথক দুই ঘটনায় মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।