জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এ সময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়।
জানা গেছে, বুধবার রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের সদস্যরা ঝাওডাঙ্গা বিওপির রৌমারী-ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন।
পরে বৃহস্পতিবার ভোরে প্রাইভেটকারটি বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশির পর প্রাইভেটকারে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চালক আলাল মিয়া (৪৫) ও মাদক ক্রেতা রিপন সাহাকে (৪৩) আটক করা হয়।
আটককৃত আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে ও রিপন সাহা টাঙ্গাইল সদরের কলেজ পাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে।
জানা যায়, মাদকের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকারসহ মাদক ও আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।