প্রধানমন্ত্রীর জাপান সফরে রাষ্ট্রদূতের থাকা নিষেধ

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে জরুরি ভিত্তিতে টোকিও থেকে ঢাকায় তলব করা হয়েছে। তাকে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় ঢাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রদূত দাউদ আলী এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন।

টোকিওতে রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর জাপান সফর তত্ত্বাবধান করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. নজরুল ইসলাম। তিনি বুধবার টোকিও পৌঁছেছেন।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী আগামী সোমবার টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পরদিন মঙ্গলবার তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করবেন। 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৫ অক্টোবর এক চিঠিতে দাউদ আলীকে সফর নিয়ে ‘আলোচনার জন্য’ দুই দিনের মধ্যে ঢাকায় আসতে বলে। এ নির্দেশ পেয়ে রাষ্ট্রদূত দ্রুত ঢাকায় পৌঁছালেও তাকে সফরের প্রস্তুতিমূলক কর্মকান্ডে যুক্ত করা হয়নি।

দাউদ আলী ২০২৪ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে রোমানিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলামও বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিকেরা বলছেন, দায়িত্বরত রাষ্ট্রদূতকে এভাবে দেশের সরকারপ্রধানের সফরে যোগদান থেকে বিরত রাখার কোনো নজির নেই।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যদের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে।

সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার দেশের উদ্দেশে জাপান ত্যাগের কথা রয়েছে।