সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মায়ের মৃত্যু মেয়ে আইসিইউতে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত তাদের ১৬ বছর বয়সী মেয়ে আইসিউতে চিকিৎসাধীন। গত বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়। নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০), তার স্ত্রী নাসিমা (৫০)। তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, তাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। গতকাল সকাল ৭টার দিকে নাসিমা রান্নার জন্য চুলা জ্বালাতেই আগুন ধরে যায়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে লাল চান মিয়া, নাসিমা ও তাদের মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে দম্পতির মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।